
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় যৌতুকের দাবি ও পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূ এবং তাঁর অবুজ শিশু সন্তানকে নির্মমভাবে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, মীরনগর গ্রামের বাসিন্দা এক যুবকের সাথে তাঁর স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে ওই গৃহবধূর ওপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করা হতো বলে স্বজনদের অভিযোগ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর ওপর চড়াও হন স্বামী।প্রত্যক্ষদর্শী ও ভাইরাল হওয়া ভিডিও চিত্রে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি তাঁর স্ত্রীকে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করতে করতে ঘর থেকে বের করে উঠানে নিয়ে আসেন। এ সময় মায়ের কোলে থাকা একটি দুগ্ধপোষ্য শিশু মাটিতে ছিটকে পড়ে যায়। মাটিতে পড়ে থাকা শিশুর ওপরও লাঠির আঘাতের অংশ বিশেষ এসে লাগে। পরবর্তীতে এক পর্যায়ে শিশুটিকে একপাশে সরিয়ে নিয়ে গৃহবধূকে আবারও মারধর করা হয়।ঘটনার সময় আশেপাশে একাধিক প্রতিবেশী নারী উপস্থিত থাকলেও মাত্র একজনকে বাধা দেওয়ার চেষ্টা করতে দেখা যায়। তবে ক্ষিপ্ত স্বামীর হাত থেকে তিনি গৃহবধূকে রক্ষা করতে পারেননি। তীব্র শারীরিক নির্যাতনের শিকার হয়ে ওই গৃহবধূ একপর্যায়ে নিস্তেজ হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।পারিবারিক সহিংসতার শিকার নারীদের স্বজনরা জানান, গ্রামীণ সমাজ ও পারিবারিক সামাজিকতার কারণে অনেক নারীই এই ধরনের নির্মম নির্যাতন সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেন। এই ঘটনার পর সচেতন মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে এবং অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি শাস্তির দাবি জানানো হয়েছে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে নাকি থানায় সুনির্দিষ্ট কোনো মামলা দায়ের করা হয়েছে, তা খতিয়ে দেখছে প্রশাসন।
0 মন্তব্যসমূহ